দক্ষিণ সুরমায় ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৮:৫২:০০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৯৩ বোতল ভারতীয় এসকফ ও ৭৫ বোতল ফেয়ারডাইল সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। বুধবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তেঁতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে এসব সিরাপ উদ্ধার করা হয়। এসময় ট্রাক থেকে চারজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা সম্ভব হয়। অপর দুজন পালিয়ে যান।
আটককৃতরা হলেন- জকিগঞ্জের কচুয়া গ্রামের মৃত আব্দুল নূরের ছেলে মো. রিপন আহমদ (৩১) ও সুনামগঞ্জের দোয়ারাবাজারের মাছগাঁওড়া গ্রামের মো. জাহিদের ছেলে মো. জাহিদ (২২)।
এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পলাতক দুজনের সঙ্গে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে সিরাপগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসার কথা স্বীকার করেছে। পরে ট্রাকের চালকের আসনের পেছনে বিশেষভাবে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১৬৮ বোতল সিরাপ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এঘটনায় আটক দুই ব্যক্তি ও পলাতক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত করা সিরাপ ও অন্যান্য আলামতসহ আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।






