সিলেটে আরও ১৬ ডেঙ্গুরোগী শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৬, ৯:০৬:৪৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে ডেঙ্গুর সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ১৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এতে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৪ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন ডেঙ্গুরোগী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১ জন শনাক্ত হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে বিভাগের ভর্তি ৪০ জন রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৬, মৌলভীবাজার সদর হাসপাতালে ২, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভাগে শনাক্ত ৪৩৪ জনের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৮৭ জন, সিলেটে ৯০, সুনামগঞ্জে ৯৭ এবং মৌলভীবাজারে ৪৪ জন রয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেওয়া আরও ১৬ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।
আগের দিন বুধবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৪১৮ জন। এক দিনের ব্যবধানে আরও ১৬ জন শনাক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে ৪৩৪ জনে দাঁড়িয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজন মারা গেছেন।





