জৈন্তা সীমান্তে ভারতীয় কম্বল গরু-মহিষ জব্দ ১৯ বিজিবির
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৮:৩৬:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ কম্বল, গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানিয়েছে, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির জৈন্তাপুর বিওপির আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কম্বল, গরু ও মহিষ।
সোমবার (২৩ নভেম্বর) জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম জানান, সীমান্তে সার্বিক নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব চোরাইপণ্য জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের ব্যাপারে আইন ও প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।




