কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৭:৫৩:১২ অপরাহ্ন

কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। তিনি বলেছেন, কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণের আওতায় আনতে তাঁদের ব্যাংকমুখী হওয়ার অপেক্ষায় না থেকে প্রয়োজনে ব্যাংকারদের কৃষকের দোরগোড়ায় পৌঁছাতে হবে। শুধু ঋণ বিতরণ করলেই দায়িত্ব শেষ হবে না, ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকিও করতে হবে।
‘কৃষক পাবে সহজে ঋণ, সমৃদ্ধ হবে বাংলার দিন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিস প্রাঙ্গণে আয়োজিত ‘কৃষক ব্যাংক সংযোগ সম্মেলন, সিলেট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষকদের নির্ভয়ে ও সংকোচহীনভাবে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানিয়ে খালেদ আহমদ বলেন, কোনো ব্যাংক কৃষিঋণ প্রদানে অনীহা প্রকাশ করলে সংশ্লিষ্ট কৃষক বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাতে পারবেন। কৃষকদের সঙ্গে ব্যাংকের কার্যকর সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষকের মুখে হাসি ফোটাতে পারলেই এ সম্মেলনের প্রকৃত সার্থকতা আসবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক সিলেটের ব্যাংকিং বিভাগের পরিচালক আব্দুস সালাম মাহমুদ বলেন, প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্রে্য সমৃদ্ধ সিলেট বিভাগে কৃষি খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাতটির উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আরও কার্যকর ও উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন কৃষক ও ব্যাংকারদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে এ ধরনের সম্মেলন আয়োজনের প্রশংসা করেন। তিনি কৃষিঋণ বিতরণে ব্যাংকারদের আরও দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বৃহত্তর সিলেটের অঞ্চলভিত্তিক কৃষি সম্ভাবনা চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরিকল্পিত চাষাবাদ ও কৃষিঋণের যথাযথ ব্যবহার কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
দিনব্যাপী এ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেটের প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। তিনি কৃষক ও ব্যাংকারদের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাঁর মতে, কৃষক ও ব্যাংকের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি হলে কৃষকদের প্রাতিষ্ঠানিক ঋণপ্রাপ্তি সহজ হবে এবং কৃষি খাত আরও গতিশীল হবে।
বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিদর্শন বিভাগের পরিচালক নওশাদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোজাম্মেল হক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাহির এবং কৃষি বিপণন অধিদপ্তর, সিলেটের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক প্রধান মো. ফয়জুর রহমান শহীর, জনতা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক রবিউল আলম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মো. রেজাউল ইসলাম, আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী, কৃষিবিদ শাহ মামুনুল আহাদ এবং সালেহীন চৌধুরী শুভ।
সম্মেলন উপলক্ষে সিলেট বিভাগের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে মোট ১ হাজার ৩৩৪ জন কৃষক ও কৃষি উদ্যোক্তার মধ্যে ১৯ কোটি ৬০ লাখ টাকা কৃষিঋণ বিতরণ করা হয়। সম্মেলনস্থলে সরাসরি ঋণ দেওয়া হয় ২১ জন কৃষককে। এ ছাড়া কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।




