চার কোটি টাকার সেতুতে উঠতে হয় মই বেয়ে
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৭:১৮:৪৬ অপরাহ্ন

বজলুর রহমান, দোয়ারাবাজার: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খাসিয়ামারা নদীর ওপর আলীপুর-টেংরাটিলা এলাকায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজ পাঁচ বছরেও পুরোপুরি শেষ হয়নি। সেতুর মূল কাঠামো নির্মাণ শেষ হলেও তৈরি হয়নি দুই পাশের সংযোগ সড়ক। ফলে সেতুটি ব্যবহার করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। বাধ্য হয়ে স্টিলের পাটাতন ও মই বেয়ে সেতুতে ওঠানামা করছেন তাঁরা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বয়স্ক মানুষ ও শিক্ষার্থীরা।
উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ৫০০ মিটার চেইনেজে ৭৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার টাকা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি আলীপুর-টেংরাটিলা খেয়াঘাট এলাকায় সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে নির্মাণকাজ শুরু হয়। তবে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, গাফিলতি ও অনিয়মের অভিযোগ ওঠে।
সরেজমিনে দেখা যায়, দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজ, দোয়ারাবাজার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেংরা স্কুল অ্যান্ড কলেজ, মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয় ও আলীপুর নূরানী একাডেমিসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ এটি। প্রতিদিন এসব প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীসহ অন্তত ১০ গ্রামের কয়েক হাজার মানুষ হাটবাজার, উপজেলা ও জেলা শহরে যাতায়াতের জন্য সেতুটি ব্যবহার করেন। কিন্তু সংযোগ সড়ক না থাকায় তাঁদের ঝুঁকি নিয়ে মই ও পাটাতন বেয়ে সেতুতে উঠতে হচ্ছে।
আলীপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন আক্ষেপ করে বলেন, সেতু এখন উল্টো বিড়ম্বনার কারণ হয়েছে। স্টিলের মই বেয়ে সেতুতে উঠে আবার পাটাতন দিয়ে নিচে নামতে হচ্ছে।
স্থানীয়রা জানান, আগে নদী পারাপারের জন্য রশি টানা খেয়ানৌকা ব্যবহার করা হতো। ওই নৌকায় মালপত্র, বাইসাইকেল ও মোটরসাইকেলও সহজে পারাপার করা যেত। কিন্তু সেতু নির্মাণের পর নৌকা চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এখন অন্তত ২০ ফুট উঁচু পাটাতনের সিঁড়ি বেয়ে সেতুতে উঠতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পাঁচ বছর ধরে নির্মাণকাজ চললেও সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। ঠিকাদারের গাফিলতির কারণে দীর্ঘদিন সেতুর কাজ বন্ধ ছিল। তাঁদের দাবি, কাজ বন্ধ না থাকলে আরও দুই বছর আগেই সেতুটির নির্মাণকাজ শেষ করা সম্ভব হতো।
অভিযোগের বিষয়ে ঠিকাদার শংকর বাবু তা অস্বীকার করে বলেন, সেতুর কাজ শেষ। সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ ও স্থানীয় আব্দুল হামিদ মেম্বারের সঙ্গে সমন্বয় করে দুই পাশের সংযোগ সড়কের মাটি ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।
সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, পাঁচ-ছয় মাস আগে আমার মধ্যস্থতায় ঠিকাদারের সঙ্গে ইউপি সদস্য আব্দুল হামিদ ও স্থানীয় কয়েকজনের নয় লাখ টাকার একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সেতুর পূর্ব পাশে চার লাখ টাকার মাটি ভরাটের কাজ শেষ করা হলেও ঠিকাদার বিল পরিশোধে সময়ক্ষেপণ করেন। প্রায় পাঁচ মাস পর কিছুদিন আগে তিনি আংশিক বিল পরিশোধ করেন। এখন কাজের দায়িত্বে থাকা লোকজন ঠিকাদারের কাছে অগ্রিম দুই লাখ টাকা দাবি করেছেন। এ বিষয়ে ঠিকাদারের সঙ্গে সমঝোতা না হওয়ায় পশ্চিম পাশের কাজ বন্ধ রয়েছে।
দোয়ারাবাজার উপজেলা এলজিইডি কর্মকর্তা আব্দুল হামিদ বলেন, ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, স্থানীয়ভাবে যাঁদের মাটি ভরাটের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁরা অর্ধেক কাজ করেছেন। তাঁদের সঙ্গে বনিবনা না হওয়ায় বাকি কাজ বন্ধ রয়েছে।
তিনি আরও বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হয়েছে। আশা করছি, খুব দ্রুত মাটি ভরাটের কাজ শুরু হবে।




