শ্রীমঙ্গলে ভারতীয় নারী আটক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৭:১০:৪০ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি পালিয়ে যায়। রোববার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির নায়েক মো. দুলাল মিয়া সহযোগী সদস্যদের নিয়ে সীমান্ত পিলার ১৯৩৮/১৮ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দিচ্ছিলেন। এ সময় দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় এক ব্যক্তিকে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করতে দেখেন বিজিবি সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মিলান বর্মনকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা দুই বাংলাদেশি পালিয়ে যায়। আটক মিলান বর্মন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার থানার সম্বলপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম যতিন্দ্র বর্মন।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, প্রায় এক বছর আগে সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে দীর্ঘদিন ধরে অবস্থান করছিলেন। পরে পলাতক দুই বাংলাদেশির সহায়তায় পুনরায় ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার কাছে কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি। তবে তার নিজ নামীয় ভারতীয় আধার কার্ডের একটি ফটোকপি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক নারী ও পলাতক দুই বাংলাদেশির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিজিবির পক্ষ থেকে শ্রীমঙ্গল থানায় এজাহার দায়ের করা হয়েছে।




