সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি মদসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৮:২৬:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিদেশি মদ ও একটি সিএনজিসহ মো. দ্বীন ইসলাম (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
আটক মো. দ্বীন ইসলাম সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের বাসিন্দা।
এসআরবি-৯ এর মিডিয়া সেল থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল রোববার রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর থানার কুতুবপুর এলাকায় আব্দুজ জহুর সেতুর টোল প্লাজার সামনে চেকপোস্ট বসায়। এসময় একটি সিএনজিকে সিগন্যাল দিলে এক ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেখানো মতে সিএনজির ভেতরে ১৫টি কালো পলিথিনে রাখা ১১৮ বোতল বিদেশি মদ ও সিএনজিসহ তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছে সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির জন্য নিজের হেফাজতে রেখেছিল। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




