পরিবহন শ্রমিকদের সু-প্রশিক্ষিত হিসেবে তৈরি করা হবে: মুক্তাদির
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ৭:২৫:৪৭ অপরাহ্ন

সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমাজের সবকিছুতে ভারসাম্য না থাকলে উন্নয়ন করা সম্ভব নয়। তিনি বলেন, পরিবহন সেক্টরে আধুনিকায়ন করতে হবে। সিলেটের পরিবহন শ্রমিকরা সু-প্রশিক্ষিত এবং মর্যাদাকর হিসেবে তৈরি করা হবে। যা দেশের মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন হবে ইনশাআল্লাহ।
তিনি বুধবার বিকেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পরিবহন মালিক শ্রমিক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম লষ্করের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লষ্কর, সহসভাপতি মঈনউদ্দীন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নাজির আহমদ স্বপন, সাধারণ সম্পাদক সাদেক খান, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মঈনুল ইসলাম, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম হাফিজ লোহিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী আকবর রাজন ও সহসাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু।
এদিকে বুধবার সকাল ১১ টা থেকে মহানগরীর কুদরত উল্লাহ মার্কেট, রাজা জিসি স্কুল রোড, হাসান মার্কেটসহ বন্দর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। বিজ্ঞপ্তি





