পেছালো খালেদা জিয়ার লন্ডনযাত্রা
প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১:৫০ অপরাহ্ন
জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স | দেশে এলেন পুত্রবধু জুবাইদা

স্টাফ রিপোর্টার : কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় খালেদা জিয়ার লন্ডন যাওয়া পিছিয়ে গেলো। এ তথ্য বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এতে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসেনি। সবকিছু স্বাভাবিক থাকলে এটি আজ শনিবার পৌঁছাতে পারে।
তবে তিনি বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।জানা গেছে, লন্ডনে উন্নত চিকিৎসাসেবা দিতে কাতার আমীরের পক্ষ থেকে আসছে জার্মানির এয়ার অ্যাম্বুল্যান্স। কাতারের এয়ার অ্যাম্বুল্যান্স আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আসছে না বলে জানা গেছে। তবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স আসছে ঢাকায়।
ঢাকায় কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন, কাতার সরকার একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে। আজ শনিবার বিকলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার খবর পেয়ে সকাল থেকেই গণমাধ্যমকর্মী ছাড়াও উৎসুক জনতার ভিড় ছিল হাসপাতালের সামনে।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, শুক্রবার মধ্যরাত বা ভোরের দিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে।
পরে এদিন রাতে বিএনপির প্রেস উইং জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা দেরি হবে।এদিকে, খালেদা জিয়ার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শাশুড়ীকে দেখার পর সেখান থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনে যান। আড়াই ঘণ্টার বেশি সময় এভারকেয়ারে ছিলেন তিনি। বেলা আড়াইটার দিকে হাসপাতাল ত্যাগ করেন জুবাইদা।
১৩ দিন ধরে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে। খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, সেটি কিছুটা উন্নতির দিকে। হৃদ্যন্ত্রে জটিলতাও কিছুটা কমেছে। তবে অন্য সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত।





