মালয়েশিয়ায় ‘২৪ ঘণ্টা সুরক্ষা স্কিম’ অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৬:০৩:৪৫ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় শ্রমিকদের সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘২৪ ঘণ্টা সুরক্ষা স্কিম’ বাস্তবায়নের অনুমোদন দিয়েছে রাষ্ট্রীয় পরিষদ। এর মাধ্যমে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুরক্ষা সম্প্রসারিত হলো। যা দেশের শ্রম সংস্কার কর্মসূচিতে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার স্টেট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি উপস্থাপন করেন মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি রামানন রামাকৃষ্ণন। তিনি জানান, বর্তমান সময়ের পরিবর্তিত ও আরও নমনীয় কর্মপরিবেশে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করাই এই সংস্কারের মূল লক্ষ্য। এই স্কিমের আওতায় শ্রমিকরা কেবল অফিসিয়াল কর্মঘণ্টায় নয়, বরং কর্মঘণ্টার বাইরেও সুরক্ষা পাবেন। এতে দুর্ঘটনা ও অনাকাঙ্ক্ষিত নানা ঝুঁকি থেকে শ্রমিকদের সার্বিক সুরক্ষা নিশ্চিত হবে।
মানবসম্পদমন্ত্রী আরও বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শ্রমিকদের সামাজিক সুরক্ষা নেটওয়ার্ক জোরদারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে এই স্কিমে স্বনিযুক্ত কর্মী এবং নতুন অর্থনৈতিক খাতে কর্মরতদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগ একটি ন্যায্য, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শ্রমবাজার গঠনে দেশের লক্ষ্যকে সমর্থন করবে।
‘স্কিম লিনদুং ২৪ জাম’ অনুমোদনের মাধ্যমে মালয়েশিয়া মাদানি দর্শনের মূল স্তম্ভ কল্যাণ, সৌজন্য ও সুশাসন বাস্তবায়নের প্রতিফলন ঘটেছে বলে মন্ত্রী উল্লেখ করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার এই দৃষ্টিভঙ্গি শ্রমিকদের মধ্যে নিরাপত্তাবোধ বাড়াবে এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রতি আস্থা আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
অনুমোদনের পর, স্কিমটির কার্যকর বাস্তবায়ন ও তদারকি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে মানবসম্পদ মন্ত্রণালয়। সরকারের লক্ষ্য সব মালয়েশীয় শ্রমিক যেন এই স্কিমের পূর্ণাঙ্গ সুবিধা পান এবং একটি টেকসই ও সহনশীল কর্মজগৎ গড়ে ওঠে।





