অব্যাহত থাকবে শীত
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৭:৩১:৪৫ অপরাহ্ন
ঘন কুয়াশা ও গুঁড়ি বৃষ্টির আভাস
স্টাফ রিপোর্টার: সিলেটসহ সারাদেশে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে এবং হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা এ তথ্য জানান।
এদিকে মঙ্গলবার সিলেটের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে হালকা রোদ দেখা দিলেও দুপুরের আগেই আকাশ মেঘে ঢাকা পড়ে যায়। এরপর সারাদিনে আর সূর্যের মুখ দেখা যায়নি। বিকেলের পর বাড়তে থাকের শীতের অনুভূতি। রাস্তাঘাটে কমে যায় যানবাহন। শীতের ভারী কাপড় পরে অল্প লোকজনকে রাস্তায় দেখা যায়।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ কারণে বিমান চলাচল, নৌযান ও সড়ক যোগাযোগ ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
এই সময়ে সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে কুয়াশা ঘন থাকায় শীতের অনুভূতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সামগ্রিক চিত্র তুলে দরে বলাহয়, অবস্থায় জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।





