শেষ হলো টানা ৯ দিনের আপিল শুনানি
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৯:৩৬:১২ অপরাহ্ন
৬৪৫টি আপিলে প্রার্থীতা ফিরে পেলেন ৪১০ জন, বাতিল হয়েছে ২শ, স্থগিত ৩০

জালালাবাদ রিপোর্ট: শেষ হলো টানা নয়দিনের আপিল শুনানি। আগামীকাল প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন। পরদিন২১ জানুয়ারি হকে প্রতীক বরাদ্দ। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আপিল শুনানি শেষে এবার প্রচারণার অপেক্ষার পালা। এদিকে রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে আলাদাভাবে বৈঠক করেছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে জামায়াত। রোববার বিকেলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সিইসির সাথে বিএনপি এবং সন্ধ্যার পর দলের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৈঠক শেষে উভয়দল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের বক্তব্য তুলে ধরে।
এরআগে রোববার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিনে মোট ৬৫টি আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয় কমিশন। উল্লেখ্য, এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছিল। এর মধ্যে ৪১০ জন প্রার্থী তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং ৩০টি আবেদন স্থগিত রয়েছে।
এদিকে আপিল শুনানিতে কোনোধরনের পক্ষপাতিত্ব করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার সন্ধ্যায় টানা ৯ দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘নয় দিনব্যাপী আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা চাই। নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো পক্ষকে সুবিধা দেওয়ার জন্য ইসি রায় দেয়নি।’ এসময় নির্বাচন কমিশনার সানাউল্লাহ মন্তব্য করেন, ‘আইন অনুমোদন করায় অনেক ক্ষেত্রে মনে কষ্ট নিয়ে আমাদের ঋণখেলাপিদেরও বৈধতা দিতে হয়েছে।’
এদিকে আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা-১০ আসনের বিএনপি প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া এবং হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে শনিবার ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি।





