র্যাব-পুলিশের অভিযানে ১২টি এয়ারগান উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৯:০৯:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে একদিনে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ১২টি এয়ারগন উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে জৈন্তাপুর উপজেলার পৃথক স্থান থেকে এসব এয়ারগান উদ্ধার করা হয়। সোমবার (১৯ জানুয়ারী) পুলিশ ও র্যাবের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ভারতীয় ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান এবং ৬টি কালো রঙের নতুন এয়ারগান। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অন্তর্গত পাখিটেকি করিচার ব্রিজের উত্তর পাশে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়।
সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সম্রাট হোসেন তালুকদার জানান, সোমবার ভোরের দিকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে করে দুই ব্যক্তি চেকপোস্টের সামনে আসলে পুলিশ তাদের থামার সংকেত দেয়। এ সময় মোটরসাইকেল ও একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে রেখে আরোহীরা দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তাটি তল্লাশি করে ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান, ৬টি কালো রঙের নতুন এয়ারগান এবং একটি পুরাতন সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করে।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, রোববার রাতে সিলেটের জৈন্তাপুরের চিকনাগুল এলাকার একটি চা বাগান থেকে ২টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব। তবে এময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত এয়ারগানগুলো নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরে সাধারণ ডায়রির মাধ্যমে এয়ারগানগুলো জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সোমবার (১৯ জানুয়ারি) পর্যন্ত র্যাবের অভিযানে ৩৬টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ম্যাগাজিন-০৫টি, ৬৩৩০ গ্রাম বিস্ফোরক, ৩৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৬৩টি এয়ারগান উদ্ধার করেছে র্যাব।





