দ্বিতীয় দফার রোডম্যাপ ঘোষণা ইসির
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৯:৩৭:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশ করেছে সব আসনের ভোটকেন্দ্রের তালিকা গেজেট।গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোটের তারিখের কমপক্ষে ২৫ দিন আগে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশ করতে হয়।
ভোটকেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনি এলাকার নাম, উপজেলা, ইউনিয়ন, ভোটকেন্দ্রের নাম ও অবস্থান, ভোটার এলাকার নাম, ভোটকেন্দ্রের সংখ্যা (নারী, পুরুষ, হিজড়া) তুলে ধরা হয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ভোটার সংখ্যাও তুলে ধরা হয়েছে গেজেট। পোস্টাল ব্যালট পেপারগণনা কেন্দ্রের নাম ও অবস্থান, পোস্টাল ভোটারের সংখ্যার উল্লেখ রয়েছে।
নির্বাচন কমিশন জানায়, এবার পৌনে ১৩ কোটি ভোটারের এ নির্বাচনে থাকছে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র, যাতে থাকবে ২ লাখ ৪৫ হাজারের বেশি ভোটকক্ষ। সংসদ ও গণভোট একসঙ্গে হওয়ায় প্রতি ভোটকক্ষে সিল দেওয়ার গোপনকক্ষ (মার্কিং প্লেস) বাড়ানো হয়েছে।
৩০০ আসনে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ভোটকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতিটি কেন্দ্রে ১৬ থেকে ১৮ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন।সোমবার প্রকাশিত এ রোডম্যাপ অনুযায়ী ইসি জানিয়েছে, ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একটি বিশেষ সভা আয়োজন করবে কমিশন। নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ দেওয়া হবে।
দ্বিতীয় রোডম্যাপে আরও উল্লেখ করা হয়, খুব শিগগিরই নির্বাচনি পর্যবেক্ষকদের অনুমতি দেওয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ২ ও ৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে।





