গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৯:৫৬:১৫ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি। বুধবার গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের মুখপাত্র মাহাদী আমীন একথা জানান। তিনি বলেন, আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন তারা যখন ঢাকায় এসেছিলেন আমরা তাদের সবাইকে বলেছি, নির্বাচনী প্রচারণায় গণভোটে আমরা হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেব।
তিনি বলেন, জুলাই চার্টারে অর্থাৎ জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির যে অবস্থান ছিল আমাদের সেভাবে কিছুটা নোট অব ডিসেন্ট ছিল। বিএনপি সেগুলোকে ধারণ করে। গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, মূল রাষ্ট্র কাঠামোর একটা পরিবর্তন করা, সরকারের ব্যবস্থাপনায় স্বচ্ছ থাকবে, জবাবদিহিমূলক থাকবে- সবার আগে কাজগুলো বিএনপি করেছে। আমাদের যে ৩১ দফা রয়েছে সেখানে সংস্কারের সবচাইতে মৌলিক ভিত্তিগুলো তুলে ধরা হয়েছে। সুতরাং আমরা বলছি, গণভোটে হ্যাঁ ভোটে অবস্থান নেব।
মাহাদী আমীন বলেন, নোট অব ডিসেন্ট… গণতন্ত্রে ভিন্নমত ভিন্ন পথ থাকবে, সেটাই স্বাভাবিক। সেগুলো নিয়ে আমরা সংসদে আলোচনা করব। সামগ্রিকভাবে গণভোটে আমাদের হ্যাঁ-র পক্ষে অবস্থান এটা দলের সবাইকে বলে দিয়েছি। মাহদি আমিন বলেন, বিদ্রোহী প্রার্থীরা অনেক ত্যাগী। কিন্তু তারপরেও ধানের শীষের বৃহত্তর স্বার্থে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। এখানে দলীয় স্বার্থকে সবার প্রাধান্য দিতে হবে।





