আনসার ভিডিপি সদস্যদের হাজিরা প্যারেড
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৮:০৭ অপরাহ্ন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ বলেছেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যক্রম। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং কেন্দ্রের শৃঙ্খলা বজায় থাকে, তা নিশ্চিত করা আনসার সদস্যদের প্রধান দায়িত্ব। এবার সশস্ত্র আনসার সদস্যরা প্রিসাইডিং অফিসারের নিরাপত্তায় কেন্দ্রের ভেতরে অবস্থান করবেন। ফলে কোনো প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া বা কোনো বেআইনি কাজ করার সুযোগ কাউকে দেওয়া হবে না।
সোমবার সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে ‘হাজিরা প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এবারের নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ২ জন করে সদস্য ‘সুরক্ষা অ্যাপ’-এ ‘এন্ড ইউজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিকভাবে এই অ্যাপের মাধ্যমে রিপোর্ট করবেন, যার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্ট্রাইকিং টিম রেসপন্ডার হিসেবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বী, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মো. শাহ নেওয়াজ হোসেন, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার সহ সিলেট জেলার সকল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাগণ।
সিলেট জেলার ১৩টি উপজেলার মোট ১,০১৬টি ভোটকেন্দ্রে এই নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে। প্রতিটি কেন্দ্রের গুরুত্ব বিবেচনা করে পিসি, এপিসি এবং সাধারণ আনসার ও ভিডিপি সদস্যসহ মোট ১৩ হাজার ২০৮ জন সদস্যকে এই নির্বাচনী মিশনে নামানো হচ্ছে।
উল্লেখ্য, সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোট কেন্দ্রে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার-ভিডিপি সদস্য এবারের নির্বাচনে জননিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকবেন। বিজ্ঞপ্তি





