সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৮:০৩:০৯ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা নীতিমালা সংশোধনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টার দিকে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৩ নভেম্বর প্রকাশিত নতুন নীতিমালার ফলে দেশব্যাপী প্রায় ৪৪ হাজার অনুমোদিত খুচরা সার বিক্রেতার সনদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩১ মার্চ এর মধ্যে সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
বক্তারা বলেন, তিন দশকের বেশি সময় ধরে সার বিক্রির সঙ্গে যুক্ত হাজারো ব্যবসায়ী ও তাদের পরিবার মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছেন। খুচরা বিক্রেতারা দেশের প্রায় ৫ কোটি কৃষকের দোরগোড়ায় বাকিতে সার পৌঁছে দিয়ে কৃষি উৎপাদন সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এ ব্যবস্থা বন্ধ হলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক কৃষকরা।
সংগঠনের জেলা সভাপতি নীল মিয়া আকাশ বলেন, অনেক বিক্রেতা ব্যাংক ঋণ ও দোকান ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। সার বিক্রি কার্যক্রম বন্ধের নির্দেশে তারা ঋণের বোঝা নিয়ে পথে বসার উপক্রম হয়েছেন। নতুন নীতিমালার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি বৈষম্য করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তারা।
মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন খুচরা সার বিক্রেতা সংগঠনের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার সভাপতি রইসুর রহমান। বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, শাল্লা উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সদর উপজেলার সাধারণ সম্পাদক রমজান আলী ও মানিক মিয়া প্রমুখ।




