ঈদযাত্রায় ভোগাবে সড়ক-মহাসড়ক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৩:০৪:৫৮ অপরাহ্ন
যানজটের ২০৭ স্পট চিহ্নিত, ঢাকা-সিলেট মহাসড়কে ৪৩টি
জালালাবাদ রিপোর্ট : ঈদে সারা দেশে যানজটের গুরুত্বপূর্ণ সম্ভাব্য ২০৭টি স্পট চিহ্নিত করেছে বাংলাদেশ হাইওয়ে পুলিশ। যদিও গত বছর এই সংখ্যা ছিল ১৫৯। গতবারের চেয়ে এবার যানজটের স্পট বেড়েছে ৪৮টি। ঈদযাত্রা নির্বিঘ্ন করার সভার কার্যপত্র সূত্রে এসব তথ্য জানা গেছে।
চিহ্নিত স্পটগুলোর মাঝে ঢাকা-সিলেট মহাসড়কে আছে ৪৩টি। মহাসড়ক উন্নয়নে ধীরগতির কারণে তীব্র যানজটের আশঙ্কা দেখা দিয়েছে।
দুই বছর পেরিয়ে গেলেও ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সিলেট অংশে তেমন অগ্রগতি নেই। ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় কাজ চলছে ধীরগতিতে, যা আসন্ন ঈদযাত্রায় এ রুটের যাত্রীদের ভোগান্তি বাড়াবে।
প্রকল্পের তথ্যমতে, চলতি বছরের ডিসেম্বরে কাজ বাস্তবায়নের কথা থাকলেও এ সময়ের আগে তা শেষ হওয়া নিয়ে রয়েছে শঙ্কা। প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয় ধরে ২০২৪ সালের জানুয়ারিতে প্রকল্পের কাজ শুরু হলেও আশানুরূপ অগ্রগতি নেই এখনো।
সিলেটের শেরপুর থেকে তামাবিল পর্যন্ত ৯২ কিলোমিটারের মধ্যে ২ বছরে কাজ হয়েছে মাত্র ১৪ শতাংশ। এছাড়া মহাসড়কের দুপাশে চলমান ব্রিজ-কালভার্ট নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজের কারণে রাস্তায় চলাচল করা যানবাহনগুলো ভোগান্তিতে পড়ছে।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয় সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে ঈদযাত্রা নিয়ে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।
এদিকে যানজটের এসব স্পট ঈদুল ফিতরের আগে ও পরে মনিটরিংয়ের আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, সারা দেশে যানজটের ২০৭টি স্পটের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কে আছে ৪৩টি, ঢাকা-আরিচা মহাসড়কে আছে ১৪টি, ঢাকা-টাঙ্গাইল-রংপুর মহাসড়কে ৫৫, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ২১, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৫, ঢাকা-কক্সবাজার মহাসড়কে ৯, ঢাকা-বরিশাল মহাসড়কে ১৪ ও যশোর-খুলনা মহাসড়কে ৬টি।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে-সে বিষয়েও জানানো হয়। সিদ্ধান্তগুলো হলো, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার পাঁচটি টার্মিনালে সিসিটিভির মাধ্যমে নজরদারি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পদ্মা ও যমুনা সেতু এবং কর্ণফুলী টানেলে ইটিসি টোল বুথ চালু থাকবে। ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ রাখা হবে। যাত্রী পারাপারে পর্যাপ্ত ফেরির ব্যবস্থা রাখা হবে এবং রাজধানীর কাঞ্চন ব্রিজ ও বছিলা এলাকায় লঞ্চ চলাচলের ব্যবস্থাও করা হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয় থেকে ১৫ রমজানের মধ্যে সড়কের সব মেরামত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মহাসড়কে ঈদের আগে তিন দিন, ঈদের দিন ও ঈদের পরে তিন দিনসহ মোট ৭ দিন রড, বালু, সিমেন্ট, পাথরবাহী ট্রাক চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। খাদ্য, ওষুধ ও জ্বালানি পরিবহন স্বাভাবিক থাকবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, ‘আশা করা যায় এবার ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তিদায়ক হবে। ইতিমধ্যে প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য মহাসড়কে মোতায়েন করা হয়েছে। সড়কে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’




