লাখাইয়ে শিশুর গায়ে সাইকেলের ধাক্কা নিয়ে সংঘর্ষে আহত ১৫
প্রকাশিত হয়েছে : ০৯ মার্চ ২০২৬, ৮:৩১:২৮ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জের লাখাই উপজেলায় এক শিশুর গায়ে বাইসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের নারী পুরুষসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার মোড়াকড়ি গ্রামে এ সংঘর্ষে ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াকড়ি গ্রামের মহিউদ্দিনের ছেলের গায়ে অসাবধানতাবশত একই গ্রামের আব্দুল আওয়ালের ছেলের সাইকেলের ধাক্কা লাগে। পরে আবার মহিউদ্দিনকে মারধর করে আব্দুল আওয়ালের লোকজন। এসব ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হয়। গুরুতর আহত ৫ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ওসি মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।




