জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ফুড প্যাক বিতরণ/৩
প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৬, ৭:৪০:১৮ অপরাহ্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সিলেট চ্যাপ্টার ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের যৌথ উদ্যোগে শনিবার সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের উন্দাপাড়া এলাকায় ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উইমেন এমপাওয়ার প্রজেক্টের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ঈদের বিশেষ উপহার হিসেবে এই ফুড প্যাকগুলো তুলে দেওয়া হয়। জিএসসি সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচিটি সঞ্চালনা করেন সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের পরিচালক মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমবায় অফিস সিলেটের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) বশির আহমেদ। তিনি তার বক্তব্যে জিএসসি ইউকে-এর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ এবং জিএসসি নর্থ ইস্ট রিজিওন, যুক্তরাজ্যের কোষাধ্যক্ষ আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জিএসসি সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব এবং আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিএসসি সিলেট চ্যাপ্টারের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রজেক্ট উপপরিচালক শারমিন কবির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও প্রজেক্ট সদস্য রোকশানা আহমেদ পলি এবং জিএসসি সদস্য কয়ছর আহমদ কাওছার। বিজ্ঞপ্তি




