ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দোয়ারাবাসী
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৭:৪৮:২২ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পল্লী বিদ্যুতের ভেল্কিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন জনসাধারণ| ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই বিদ্যুৎবিহীন থাকায় চরম ভোগান্তিতে পড়েছে উপজেলার বাসিন্দারা| বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে স্কুল-মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা| বেশি দুশ্চিন্তায় পড়েছে ২১ এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও দাখিল পরিক্ষার্থীরা এবং পঞ্চম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীরা| এছাড়া বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমারে কোনো সমস্যা দেখা দিলে সমাধানে চলে গড়িমসি| বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করলে সাড়া পাওয়া যায় না| ফলে দোয়ারাবাজারবাসীকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ|
পল্লী বিদ্যুতের গ্রাহকরা বলছেন, বিদ্যুৎ সংযোগের প্রথম দিকে ভালো সেবা পেতেন গ্রাহকরা| তবে গত কয়েক বছরের ব্যবধানে চলতি বছরে সবচেয়ে বাজে সেবা দিচ্ছে পল্লী বিদ্যুৎ| নরসিংপুর এলাকার বাসিন্দা তাজুল ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগের শুরুর দিকে ভালো সেবা পাওয়া যেত| তবে সম্প্রতি সেবার মান খুব বাজে| কয়েক দিন ধরে বিদ্যুৎ আসা যাওয়ার মধ্যে রয়েছে| এক নাগাড়ে ৩-৪ ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করা যাচ্ছে না| বিদ্যুৎ বিভাগ বলছে গড়ে ৪৫-৫০% বিদ্যুৎ দিচ্ছে, কিন্তু বাস্তবে তা ভিন্ন| ২৪ ঘন্টার ১৮ ঘন্টা থাকতে হচ্ছে বিদ্যুৎহীন|
দোয়ারার দশম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ফাহিম আহমদ বলেন, বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকে না| ২১ এপ্রিল আমাদের এসএসসি পরীক্ষা| গত প্রায় ২ মাস যাবত বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এর কারণে সন্ধ্যার পরে পড়তে পারিনা| দিনের বেলায় কোন রকম একটু পড়ায় বসলেও সন্ধার পরের সময়টা নষ্ট হচ্ছে| এরকম চলতে থাকলে আমরা পরীক্ষা দিব কিভাবে| আমরা দ্রুত এই সমস্যার নিরসন চাই|
তবে পল্লী বিদ্যুতের এই সমস্যা ¯^ীকার করছে কর্তৃপক্ষ| ঘনঘন লোডশেডিংয়ের জন্য নাজুক যোগাযোগ ব্যবস্থাকে দায়ী করেছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মিলন কুমার কুন্ডু| তিনি বলেন, শুধু দোয়ারাবাজারে নয় পুরো অঞ্চলের একই অবস্থা| ৪০-৪৫ ভাগ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে| যার কারণে লোডশেডিং হচ্ছে ৫৫-৬০ ভাগ|




