জনপ্রত্যাশা পূরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে জনমুখী করতে হবে : সিসিক প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৬:২৫:১৮ অপরাহ্ন
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ওপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে এসব প্রতিষ্ঠানকে আরও জনমুখী ও সেবামুখী করে গড়ে তুলতে হবে।
সোমবার সকালে নগরের নয়াসড়কের একটি হোটেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) এর ‘ফিডব্যাক অন লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, সিটি কর্পোরেশন বা পৌরসভার কার্যক্রম জনগণের করের টাকায় পরিচালিত হয়। তাই জনকল্যাণ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করে এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, জনগণের সেবা প্রদান আমাদের দায়িত্ব হলেও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। যথাসময়ে কর পরিশোধ না হলে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা কঠিন হয়ে পড়ে। তাই তিনি সবাইকে সময়মতো কর পরিশোধের আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মো. জিললুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুন চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর।
প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় এলজিসিআরআরপি প্রকল্পের মাধ্যমে লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান (এলপিপি) প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে পৌরসভা ও সিটি কর্পোরেশন পর্যায়ে গঠিত এলপিপি প্রিপারেশন টিমের সদস্যরা খসড়া পরিকল্পনা পর্যালোচনার লক্ষ্যে এই কর্মশালায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি





