সুনামগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২৬, ৬:২৯:০৫ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: ভারি বৃষ্টি ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, আমি প্রতিদিন হাওর পরিদর্শন করছি। দ্রুত ধান কাটার জন্য প্রচারণা চালাচ্ছি। হাওরে ৫০ ভাগ ধান কাটা হয়ে গেছে। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ফারাবি বিন আলী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিক, এডিএম সুনজিত কুমার চন্দ, পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সুনামগঞ্জ-২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. সুজন মিয়া, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পঙ্কজ দে, ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুবল দেবনাথ সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ।




