হরমুজে নিজস্ব নিয়ন্ত্রিত মানচিত্র প্রকাশ ইরানের
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৮:৩০:০১ অপরাহ্ন
মার্কিন যুদ্ধজাহাজে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির যে অংশটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে, তার একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত মানচিত্র অনুযায়ী, এই নিয়ন্ত্রিত এলাকাটি পশ্চিম দিকে ইরানের কেশম দ্বীপের পশ্চিম প্রান্ত থেকে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কোয়াইন আমিরাত পর্যন্ত বিস্তৃত একটি রেখা দিয়ে শুরু হয়েছে।
অন্যদিকে, পূর্ব দিকে এই এলাকার সীমানা নির্ধারণ করা হয়েছে ইরানের মাউন্ট মোবারক থেকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ আমিরাত পর্যন্ত একটি রেখা দ্বারা।
তবে ইরানের দাবি করা এই নতুন নিয়ন্ত্রিত এলাকা আগের তুলনায় পরিবর্তিত হয়েছে কি না এবং হয়ে থাকলে তার ব্যাপ্তি ঠিক কতটুকু, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর প্রতিক্রিয়ায় ইরানের ‘খাতামুল আনাম্বিয়া (স.) কেন্দ্রীয় সদর দপ্তর’-এর কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়ের মাধ্যমে হতে হবে।
তিনি সতর্ক করে বলেছেন, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষ করে আগ্রাসী মার্কিন সেনাবাহিনী, যদি হরমুজ প্রণালীর কাছে আসতে বা প্রবেশ করতে চায়, তবে তাদের লক্ষ্যবস্তু বানানো হবে।
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা: এদিকে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে ইরানি নৌবাহিনীর হুঁশিয়ারি উপেক্ষা করায় একটি মার্কিন যুদ্ধজাহাজে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সোমবার সকালে জাস্ক বন্দরের কাছে এই ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম ফার্স নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, মার্কিন যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। জাহাজটি থামাতে ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) পক্ষ থেকে সতর্কতা দেওয়া হয়েছিল। কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করায় যুদ্ধজাহাজটিতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। পরে জাহাজটি পথ পরিবর্তন করে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন নেভি বা সেন্ট্রাল কমান্ড। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও ঘটনার স্বাধীন যাচাইয়ের বিষয়টি নিশ্চিত করেনি।
এই হামলার খবর এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার থেকে ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু করার ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে নিয়ে আসা।
এই অভিযানে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ১৫ হাজার সামরিক কর্মী, ১০০টিরও বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান এবং এর পাশাপাশি যুদ্ধজাহাজ ও ড্রোন মোতায়েন করার কথা জানিয়েছিল।
উল্লেখ্য, টানা ৪০ দিন যুদ্ধের পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে শুরু থেকেই এটি ভঙ্গুর ছিল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরদিন যুক্তরাষ্ট্র ইরানি বন্দরে নৌ-অবরোধ আরোপ করে। এছাড়া আরব সাগর থেকে তাদের ট্যাংকার জাহাজও জব্দ করে।




