তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৯
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬, ৯:৩৩:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় নির্মাণ শ্রমিকবাহী পিকআপ ও কাঠালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে| সর্বশেষ রোববার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রামিম (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়| তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা|
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির এসআই মুর্শেদ কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় আইসিইউতে চিকিৎসা চলছিল রামিমের| পরে তার মৃত্যু হয়|
এর আগে একইদিন ভোরে দক্ষিণ সুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে| শ্রমিক বহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চারজন নিহত হন| পরে হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়|
নিহতদের মধ্যে রয়েছেন—সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ইদ্রিস আলীর স্ত্রী নার্গিস, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস, সুনামগঞ্জের দিরাই উপজেলার মুন্নি মনি ও সুরুজ আলী, কোম্পানীগঞ্জের পুটামারা গ্রামের বদরুল জামান, দিরাই উপজেলার ফরিদুল, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আজির উদ্দিন ও তার ভাই আমির উদ্দিন|
দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন| তাদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলমগীর, দিরাই উপজেলার আফরোজ মিয়া ও তুরাব উল্লাহ, তাহিরপুর উপজেলার লাবু বেগম এবং কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজা বেগম| আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে|
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতির কারণে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে|





