মৌলভীবাজারে শিবিরের প্রীতি সম্মেলনে ফখরুল ইসলাম: শত শহীদের রক্তে রঞ্জিত এ কাফেলাকে সামনে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৬, ৭:০৭:৩৩ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম বলেছেন, শত শহীদের রক্তে রঞ্জিত এ কাফেলাকে সামনে এগিয়ে নিতে সাবেক দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত জাতীয় নির্বাচনে বিশাল জনগোষ্ঠী ইসলামের পক্ষে তাদের সমর্থন জানিয়েছে। নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে তাদের সংগঠনের প্রতি সম্পৃক্ততা বাড়াতে হবে।
শনিবার মৌলভীবাজারে ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও সদস্য প্রার্থীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির আলোচনায় উপরোক্ত বক্তব্য রাখেন। জেলা আমীর প্রকৌশলী মোঃ সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলীর উপস্থাপনায় প্রাণবন্ত এই প্রীতি সমাবেশে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের জেলা কর্ম পরিষদ সদস্য ও পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম। সংগঠনের নিকট সাবেক ভাইদের প্রত্যাশা বিষয়ে ডেলিগেটদের মধ্যে বক্তব্য রাখেন আলী আজম, খালেদ আহমদ, তারেক আজিজ, মাসুমুর রহমান, সেলিম মুহাম্মদ, মাইনুল ইসলাম, আব্দুল হামিদ দেওয়ান আশফাক আহমদ চৌধুরী প্রমুখ। প্রেরণামূলক ইসলামী সংগীত পরিবেশনা করেন জুনেদ আহমদ ফাহিম।
প্রধান অতিথি ছাত্রশিবিরকে নেতৃত্ব তৈরীর কারখানা উল্লেখ করে বলেন, দীর্ঘ ও ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা নেতৃত্বকে বৃহত্তর ময়দানে আল্লাহর দেয়া যোগ্যতাকে পূর্ণভাবে কাজে লাগাতে হবে। নিজেদেরকে শপথের কর্মী হিসেবে আন্দোলনের নিকট পেশ করতে হবে। সভাপতির বক্তব্যে জেলা আমীর প্রকৌশলী মোঃ সায়েদ আলী বলেন, জুলাই বিপ্লবের পর সম্ভাবনাময় নতুন বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বের শূন্যতা পূরণে সাবেক ভাইদের এগিয়ে আসতে হবে।





