বিএনপি নেতার ৫০ লাখ টাকা ছিনতাই : বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৬, ৯:২১:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নাসিম হোসাইনের প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্টিবিউটর অফিসের কর্মীরাও রয়েছেন। তারাও ছিনতাইয়ের সাথে সম্পৃক্ত বলে অভিযোগ পুলিশের।
শনিবার দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম।
এসএমপি সূত্র জানিয়েছে, টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহেদ আহমদ (৪২) বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান (৩৮), আবু তাহের (২৬) ও রুপায়ন বিশ্বাস (৪০) বিকাশের ডিএসও হিসেবে কর্মরত রয়েছেন।
জানা গেছে, সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন (বর্তমানে পদ স্থগিত) মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর। ব্যাংক বন্ধ থাকায় শুক্রবার সকালে নিজের কর্মীদের দিয়ে ফেঞ্চুগঞ্জসহ সেই এলাকার ব্যবসায়ীদের দিতে ৮১ লাখ ৮২ টাকা নিয়ে প্রাইভেটকারে করে পাঠান নাসিম। এরপর টাকা বহনকারী কারটি দক্ষিণ সুরমার পারাইচকে পৌঁছলে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে ৫০ লাখ ৫৭ হাজার টাকা লুটে নেয়।
পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল পৌনে ১১ টার দিকে লালমাটিয়া প্যারাইরচক এলাকায় পৌঁছালে ৩ জন আরোহীর একটি মোটরসাইকেল বিকাশের টাকা বহনকারী গাড়িটিকে থামার সংকেত দেয়। তখন গাড়ির ড্রাইভার গাড়ির গতি কমালে মোটরসাইকেল আরোহীরা গাড়িটি থামিয়ে গাড়িতে থাকা সকলকে ভয়ভীতি, হুমকি প্রদর্শনসহ একজনকে মারপিট করে ৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের ফেসবুক পেজে জানানো হয়, অভিযোগ রয়েছে, গাড়িতে থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা পরিস্থিতির ঝুঁকি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও গাড়ির গতি কমিয়ে টাকা ডাকাতির সুযোগ সৃষ্টি করেন। এছাড়া টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ (৪৪), সালমান আহমদ (২৮), গোলাম শহীদ (২৯) ও জুনায়েদ (২২) ঘটনার সময় গাড়ির সাথে উপস্থিত ছিলেন না, যা সন্দেহের সৃষ্টি করে।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাতনামা ডাকাতদের সাথে আঁতাত করে টাকাবাহী গাড়ির গতিবিধি সম্পর্কে অগ্রিম তথ্য সরবরাহের মাধ্যমে টাকা ডাকাতির ঘটনায় বিকাশের কর্মীরা জড়িত থাকতে পারেন। এঘটনায় জড়িত সন্দেহে মোগলাবাজার থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, বিকাশের ৫০ লাখ ৭০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত আসামী করে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ছায়া তদন্তে নেমে গ্রেফতারকৃতদের সন্দেহভাজন আসামী হিসেবে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টাকার ছিনতাইয়ের ঘটনার ব্যাপারে কোন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি। ফলে ধারণা করা হচ্ছে তারা ছিনতাইয়ে জড়িত থাকতে পারে। তাই আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।





