‘পুশইন’ ইস্যু পর্যবেক্ষণে রাখছে জামায়াত: ডা. শফিক
প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২৬, ৮:২৬:৩৬ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: পার্শ্ববর্তী দেশ ভারতে সংখ্যালঘু নির্যাতন ও ‘পুশইন’ ইস্যু পর্যবেক্ষণে রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলের আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার জাপান সফর শেষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের দায়িত্ব রয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করার। তিনি দাবি করেন, ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সব ধর্মের নাগরিকদের সমান অধিকার নিশ্চিত থাকা উচিত। কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে ক্ষতি করা হলে তা গ্রহণযোগ্য নয় বলে তিনি মন্তব্য করেন এবং এ বিষয়ে ভারত সরকারের প্রতি সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
‘পুশইন’ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে যদি এ ধরনের ঘটনা আরও সামনে আসে, তাহলে দলীয় অবস্থান স্পষ্টভাবে জানানো হবে। কোনো অন্যায়ের ক্ষেত্রে নীরব না থাকারও ঘোষণা দেন তিনি। তবে একই সঙ্গে প্রতিবেশী দেশের প্রতি সম্মান বজায় রাখার কথা উল্লেখ করেন।
জাপান সফর প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ নিয়ে জাপানের বড় ধরনের প্রত্যাশা রয়েছে। তবে বিনিয়োগ ও সহযোগিতার ক্ষেত্রে নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে তাদের কিছু উদ্বেগও আছে বলে তিনি জানান। এ বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে আস্থা তৈরি করা বলে মন্তব্য করেন তিনি।
সরকারের ভূমিকা নিয়ে শফিকুর রহমান বলেন, দেশের উন্নয়ন এগিয়ে নেওয়া সরকারের দায়িত্ব, আর বিরোধীদের দায়িত্ব ন্যায্য কাজে সহযোগিতা করা এবং ভুল হলে তা তুলে ধরা।
থাইল্যান্ড সফরকালে জুলাই অভ্যুত্থানে আহতদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আহতরা দাবি জানিয়েছেন গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে কোনো ধরনের ‘ফাঁকি’ না রাখতে।
এছাড়া দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি সরেজমিনে বাজার ও উৎপাদন পর্যায় পরিদর্শন করে বাস্তব অবস্থা যাচাই করবেন। এরপর দলীয় অবস্থান জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।




