সাবেক ছাত্রদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, হয়রানির অভিযোগ পরিবারের
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ১০:৫৫:৩৬ অপরাহ্ন

মো. ইব্রাহিম উদ্দিন বেলাল
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কটিয়ারকোনা গ্রামে সাবেক ছাত্রদল নেতা মো. ইব্রাহিম উদ্দিন বেলালের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। পরিবারের অভিযোগ, অভিযানের সময় তাদের সঙ্গে হয়রানিমূলক আচরণ করা হয়েছে। তবে পুলিশ বলছে, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ ইব্রাহিম উদ্দিন বেলাল দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। গত ৯ মে সন্ধ্যা প্রায় ৬টার দিকে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ কটিয়ারকোনা গ্রামে তার বাড়িতে অভিযান চালায়। প্রায় ঘন্টাখানেক পুলিশ বাড়িতে অবস্থান করে এবং মোঃ ইব্রাহিম উদ্দিন বেলালের বিষয়ে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে।
সাবেক ওই ছাত্রদল নেতার বাবা মো. জালাল উদ্দিন অভিযোগ করেন, পুলিশ বেলালের খোঁজে বাড়ির বিভিন্ন কক্ষ তল্লাশি করে এবং পরিবারের সদস্যদের উত্যক্ত করে। অভিযানের সময় পুলিশ ধামকি দিয়ে যায়, বেলালকে কোথাও লুকিয়ে রাখলে পরিণতি খুব খারাপ হবে। এসময় পুলিশ তাকে থানায় উঠিয়ে নিয়ে যাওয়ার ধামকি দেয়। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। দীর্ঘদিন ধরে মামলা ও রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে তাদের পরিবার চাপের মধ্যে রয়েছে। সাম্প্রতিক এই অভিযানের পর পরিবারের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়ে গেছে বলে তিনি দাবি করেন।
পুলিশ জানিয়েছে, সাবেক ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া একাধিক মামলার বিচারিক কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। সম্প্রতি মামলাটির কার্যক্রম অগ্রসর হওয়ায় তাকে গ্রেফতারের প্রচেষ্টা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযানে অংশ নেওয়া পুলিশের একটি সূত্র জানায়, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এসব আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও সূত্রটি উল্লেখ করে।






