রাখাল নৃত্যে শুরু মণিপুরিদের রাস উৎসব
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৯:০৩ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শারদীয় পূর্ণিমা তিথিতে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলা পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাতভর চলবে মহারাসলীলার মূল আয়োজন। এ উৎসবকে ঘিরে মণিপুরি সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ।
উপজেলার মাধবপুর ইউনিয়নের শিববাজার জোড়া মণ্ডপ এবং আদমপুরের তেতইগাঁওয়ে পৃথকভাবে এ উৎসবের আয়োজন করা হয়েছে। মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৪তম রাসলীলা এবং মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের উদ্যোগে আদমপুরে ৪১তম রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্যের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। মহারাসলীলা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শনার্থী কমলগঞ্জে আসেন। বিদেশি দর্শনার্থীদের উপস্থিতিও রয়েছে। রং-বেরঙের পোশাক, নৃত্য ও বাদ্যযন্ত্রের সুরে মুখর হয়ে ওঠে মণিপুরি পল্লিগুলো। উৎসব উপলক্ষে এলাকায় বসেছে মেলা। শান্তিপূর্ণভাবে আয়োজন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
আয়োজকেরা জানান, দুপুরে রাখাল নৃত্য বা গোষ্ঠলীলার মধ্য দিয়ে শুরু হওয়া আয়োজন গোধূলি পর্যন্ত চলবে। এ নৃত্যে রাখালের সাজে শ্রীকৃষ্ণের বাল্যকাল তুলে ধরা হয়। রাত ১১টার দিকে শুরু হবে শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলার নৃত্য। গোপীদের সঙ্গে কৃষ্ণের মধুর লীলার বিভিন্ন দিক কথা, গান ও সুরের মাধ্যমে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। এ নৃত্য চলবে ভোররাত পর্যন্ত।
এর আগে সোমবার সন্ধ্যায় মাধবপুরের শিববাজার জোড়া মণ্ডপে ১৮৪তম রাস উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।




