৫২ বাংলাদেশিসহ ২৪৬ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৬, ৭:০৫:৪১ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার জোহর রাজ্যে আটক ৫২ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২৪৬ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগের অধীন নেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হয়।
ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৩০ জন ইন্দোনেশীয়, ৫২ জন বাংলাদেশি, ৩০ জন থাই, ১১ জন পাকিস্তানি, ৯ জন নেপালি, ৬ জন ভারতীয়, ৫ জন শ্রীলঙ্কান, ২ জন সিঙ্গাপুরের নাগরিক এবং ১ জন চীনা নাগরিক।
আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে আকাশ, নৌ ও স্থলপথ ব্যবহার করা হয়েছে। এ জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২, স্টুলাং লাউত ফেরি টার্মিনাল, সুলতান ইস্কান্দার ভবন কমপ্লেক্স এবং আইসিকিউএস রান্তাউ পাঞ্জাংসহ বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পয়েন্ট ব্যবহার করা হয়।
প্রত্যাবাসন কার্যক্রমে বিমান, নৌযান ও অন্যান্য যাতায়াতের টিকিটের খরচ সংশ্লিষ্ট আটক ব্যক্তিদের ব্যক্তিগত সঞ্চয় অথবা পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতায় বহন করা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোও টিকিটের ব্যয়ভার বহন করেছে।
জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, নেনাস টাউন ইমিগ্রেশন ডিপোর মাধ্যমে আটক বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।




