ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৭:৩৭:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ভ্যাপসা গরমে সিলেটের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। মাঝেমধ্যে অল্প কয়েক পশলা বৃষ্টি হলেও তা গরমের তীব্রতা কামাতে পারছেনা। ফলে ঘরে বাইরে কোথাও কেউ স্বস্তিতে নেই। সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এমতাবস্থায় দেশের ৩৪ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তাপপ্রবাহ আরো তিন দিন অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। সোমবার বিকালে তিনি গণমাধ্যমকে বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, বরিশাল ও ভোলা, রাজশাহী বিভাগের আট জেলা, রংপুর বিভাগের আট জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ মৌসুমে তাপপ্রবাহ স্বাভাবিক। এ তাপপ্রবাহ আগামী বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির কম তাপমাত্রাকে বলা হয় মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে— এমন পরিস্থিতিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আগামী বৃহস্পতিবার বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেয়ে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। ওই দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের কারণে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনের বর্ধিত সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর ফলে দেশের সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।





