লেবাননে যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি নয় : ইরান
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৮:২৯:১৭ অপরাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি চুক্তিতে যাবে না ইরান। সোমবার পাকিস্তানের স্থানীয় পত্রিকা ডন বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই অঞ্চলের যুদ্ধ বন্ধ করার যেকোনো চুক্তির প্রধান এবং অপরিহার্য শর্ত হলো লেবাননে ইসরাইলি হামলা বন্ধ করা।
পাশাপাশি ইরান এ কথাও বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত অবস্থান পরিবর্তন এবং পরস্পরবিরোধী দাবির কারণেই শান্তি আলোচনা দীর্ঘায়িত হচ্ছে।
বাঘাই বলেন, ওয়াশিংটন একদিকে আলোচনার টেবিলে নতুন নতুন শর্ত চাপাচ্ছে, অন্যদিকে গণমাধ্যমে ভিন্ন বার্তা দিচ্ছে। এই দ্বিমুখী আচরণের কারণে তৈরি হওয়া গভীর অবিশ্বাসের আবহাওয়ার মধ্যেই দুই পক্ষকে বার্তা বিনিময় করতে হচ্ছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছিল। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তহীনতা এবং ঘনঘন অবস্থান বদলের কারণে প্রক্রিয়াটি বারবার থমকে যাচ্ছে। তিনি মার্কিন প্রশাসনকে দ্রুত একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে আসার আহ্বান জানান।
পাশাপাশি তিনি স্পষ্ট করেন, পরমাণু ইস্যুর খুঁটিনাটি নিয়ে এই মুহূর্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না। ইরানের প্রধান লক্ষ্য এখন এই অঞ্চলের যুদ্ধ বন্ধ করা।
আলোচনায় যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন ও ক্ষতিপূরণের জন্য তহবিল গঠনের বিষয়টি উঠে এসেছে নিশ্চিত করে মুখপাত্র বলেন, প্রাথমিক সমঝোতার ১৪টি মূল বিষয়ের ওপর একমত হতে পারলে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে বিস্তারিত চূড়ান্ত করা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্রের অতীতের প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস মাথায় রেখে ইরান সতর্কতার সঙ্গে পা ফেলছে।
বাঘাই জোর দিয়ে বলেন, ইরান কোনো বাড়তি সুবিধা চাচ্ছে না, বরং মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশে আটকে থাকা ইরানি জনগণের নিজস্ব অর্থ ফেরত পাওয়া তাদের চূড়ান্ত দাবি। আমেরিকার এই বৈরী আচরণ ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বিদ্যমান অবিশ্বাসকে আরো বাড়িয়ে দিচ্ছে। তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের এই সমস্ত কূটকৌশল ইরানকে তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




