বৈশ্বিক ইসলামী অর্থনীতিতে শীর্ষস্থানে মালয়েশিয়া
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ৮:১৪:৩৯ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : বিশ্বের শীর্ষ ইসলামিক অর্থনীতির দেশ হিসেবে ২০২৫ সালেও মালয়েশিয়া তার অবস্থান ধরে রেখেছে| আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্টেট অব দ্য গ্লোবাল ইসলামিক ইকোনমি রিপোর্ট ২০২৪/২০২৫-এ এই স্বীকৃতি পাওয়া দেশের শক্তিশালী ইসলামিক আর্থিক ব্যবস্থা, হালাল শিল্প, উদ্ভাবন এবং উন্নয়ন-ভিত্তিক অর্থনৈতিক পরিবেশের প্রতিফলন বলে মনে করা হচ্ছে|
মালয়েশিয়ার আবাসন ও স্থানীয় সরকারমন্ত্রী এনগা কর মিং বলেছেন, এই অর্জন আন্তর্জাতিক মহলের কাছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, সুস্পষ্ট অর্থনৈতিক নীতি এবং উন্নয়নের ধারাবাহিকতার প্রতি আস্থার বহিঃপ্রকাশ|
এক বিবৃতিতে তিনি বলেন, বৈশ্বিক ইসলামিক অর্থনীতিতে মালয়েশিয়ার শীর্ষস্থান ধরে রাখা প্রমাণ করে যে, ‘মালয়েশিয়া মাদানি’ দর্শন দেশের উন্নয়নকে একটি শক্তিশালী, প্রগতিশীল এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে| মন্ত্রী বলেন, এটি শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অর্জন নয়; বরং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মালয়েশিয়ানের জন্য গর্বের বিষয়| দেশের সুশাসন, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নীতির ফলেই এই স্বীকৃতি এসেছে|
তিনি আরও বলেন, কয়েকটি বৃহৎ মুসলিম দেশের চেয়েও এগিয়ে থেকে মালয়েশিয়ার এই অবস্থান অর্জন দেশের অর্থনৈতিক খাতগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থারই প্রতিফলন|
এনগা কর মিং জানান, সরকার মানসম্মত আবাসন ব্যবস্থা, টেকসই নগর উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নয়নের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে উন্নয়নের ধারা আরও শক্তিশালী করবে| একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যাতে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে|
মন্ত্রী দেশবাসীর প্রতি স্থিতিশীলতা ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়ন কর্মসূচির প্রতি অব্যাহত সমর্থন থাকলে আন্তর্জাতিক অঙ্গনে মালয়েশিয়ার মর্যাদা আরও সুদৃঢ় হবে|




