অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ৮:৪২:৫০ অপরাহ্ন

সিলেটে ক্ষুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হলো মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প| ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায়, জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় ‘অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে| বুধবার সিলেট জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ|
সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেন বলেন, ক্রীড়া পরিদপ্তরের এই উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো তৃণমূলের প্রতিভাকে পরিচর্যা করা| এই মাসব্যাপী ক্যাম্পের মাধ্যমে আমাদের অভিজ্ঞ কোচরা তোমাদের টেকনিক্যাল স্কিল, শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবেন| তিনি আরো বলেন, তোমরা প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবে, মনোযোগ দিয়ে কোচের নির্দেশনা শুনবে এবং নিজেদের সেরাটা উজাড় করে দেবে| মনে রাখবে, তোমরাই আগামী দিনে দেশের জার্সিতে মাঠ কাঁপাবে এবং সিলেটের নাম উজ্জ্বল করবে|
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, বিভাগীয় ফুটবল কোচ ও গোল্ডেন বয় খ্যাত ফুটবল খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, সাবেক খেলোয়াড় ও ফুটবল কোচ মহসিন আলী, ফুটবল কোচ কামরুল ইসলাম, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, খালেদ আহমদ প্রমুখ| বিজ্ঞপ্তি




