এসএমপির সাঁড়াশি অভিযানে এক মাসে আটক ১৬৬৫
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২৬, ১১:১৩:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে থেমে নেই অপরাধ কর্মকান্ড। গত এক মাসে নগরীতে একাধিক চুরি ছিনতাই খুন খারাবির ঘটনা ঘটলেও এই সময়ে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার হয়েছেন ১ হাজার ৬৬৫ জন। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম। তিনি জানান, গত মে মাসজুড়ে নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং অবৈধ পণ্য জব্দ করা হয়।
এসএমপি সূত্রে জানা গেছে, গত মে মাসে গ্রেপ্তারকৃত ১,৬৬৫ জনের মধ্যে নিয়মিত মামলার ১৯২ জন আসামি, ১৯১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪২ জন ছিনতাইকারী, ৫৬ জন চোর ও ডাকাত, ৯৯ জন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, ৫২ জন জুয়াড়ি, মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের আওতায় ৯৪৩ জন এবং ৯৩ জন হকার রয়েছেন।
এদিকে মে মাসে এসএমপির আওতাধীন ছয়টি থানায় ১৮৩টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। একই সময়ে ১৭৮টি মামলার নিষ্পত্তি করা হয়েছে।
গত এক মাসে পৃথক অভিযানের পুলিশ ৯১১ পিস ইয়াবা, ৪১ বোতল বিদেশি মদ, ২০ লিটার দেশি মদ, ১ কেজি ও ৪৮ পুরিয়া গাঁজা এবং ৭টি গাঁজার গাছ জব্দ করে। এছাড়া বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৪৪০ কেজি জিরা, ৪৫০ কেজি চিনি, ১৩ হাজার ৫৭১ পিস চকোলেট, ১০ হাজার ৩৩২ পিস ক্রিম, ১ হাজার ৬০৫ কেজি চা পাতা, ২ হাজার ১৫০ কেজি ফুসকা, ১৪৭ কেজি পোস্তদানা ও ১৬২টি কম্বল। পাশাপাশি বিপুল পরিমাণ আতশবাজি ও প্রসাধনী সামগ্রীও জব্দ করা হয়েছে।
এদিকে এসএমপির গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে এসএমপির ট্রাফিক বিভাগ গত মে মাসে ৩ হাজার ৫৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে ১ হাজার ৬৯২টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১ হাজার ৮৫৯টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




