সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস কারাগারে
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ৮:৫৯:২৬ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এপিএস ও শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাতকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে সুনামগঞ্জের দ্রুত বিচারকের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক নুরুল হক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. কামাল হোসেন।
জানা যায়, এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাসনাত হোসাইন আত্মগোপনে ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে একই বছরের ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।
মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন হাসনাত হোসাইনও। এছাড়া মামলায় আরও ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।




