জিয়াউর রহমান ফাউন্ডেশনের সিকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ৯:০৩:০৯ অপরাহ্ন

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর উদ্যোগে কেন্দ্র ঘোষিত ‘মাসব্যাপী বৃক্ষরোপণ ‘কর্মসূচির অংশ হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে র্যালি ও নিম গাছের চারা রোপণ করা হয়েছে।
বুধবার প্রধান অতিথি হিসেবে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবি ভিসি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং মানব অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের স্বাভাবিক প্রয়োজন এবং সভ্যতা বিকাশের জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। তিনি বলেন, সবুজ বিপ্লবের মাধ্যমে দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে জেডআরএফ এর মনিটর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. মাছুদুর রহমান, সদস্য কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেডআরএফ’র ভাইস প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান। বিজ্ঞপ্তি





