এসএমপির অভিযানে আটক আরো ১২৫
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৬, ১০:০৫:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি। গত ৩২ ঘণ্টায় এসএমপির অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে আরো ১২৫ জনকে আটক করা হয়েছে। এইসময়ে ট্রাফিক পুলিশ ১৪৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
এসএমপি সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিয়মিত মামলা, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, মাদকদ্রব্য উদ্ধার, ভারতীয় অবৈধ পণ্য উদ্ধার এবং মেট্রো অধ্যাদেশের আওতায় ১২৫ জনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে এদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এদিকে এসময় এসএমপির ট্রাফিক বিভাগের অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৮১ টি যানবাহন আটক করা হয়।
অভিযান চলাকালে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোটরসাইকেল এবং ১৫২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়।
শুক্রবার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নগরীতে অপরাধ কর্মকাণ্ড দমনে এসএমপি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এসএমপির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।





