মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৭০ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৬, ৮:২৫:৫৩ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ব্যাপক অভিযান চালিয়ে ২৭০ অভিবাসী কর্মীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)| আটককৃতদের বিরুদ্ধে ভিসা ও কর্মসংস্থান সংক্রান্ত বিভিন্ন ইমিগ্রেশন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে|
মঙ্গলবার সকালে পরিচালিত ‘অপস মেগা’ অভিযানে মেরু ও তেলোক গং এলাকার দুটি কারখানায় কর্মরত মোট ৫৮৬ জন বিদেশি শ্রমিককে যাচাই-বাছাই করা হয়| এর মধ্যে ২৭০ জনকে আটক করা হয়েছে| আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন| তবে আটক অভিযানে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি|
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) মোহদ খুসাইরি কামারুদ্দিন জানান, ২৪ জুন সকাল ৮টার দিকে শুরু হওয়া অভিযানের প্রথম ধাপে মেরুর একটি প্লাস্টিক কারখানায় ৬৬ জন শ্রমিককে পরীক্ষা করা হয়| সেখানে ১৮ জনকে ইমিগ্রেশন আইন ভঙ্গের সন্দেহে আটক করা হয়| পরবর্তীতে তেলোক গংয়ের একটি আসবাবপত্র কারখানায় অভিযান চালিয়ে ৫২০ জন বিদেশি শ্রমিকের কাগজপত্র পরীক্ষা করা হয়| এর মধ্যে ২৫২ জনকে আটক করা হয়েছে| তাদের বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘন, অনুমোদিত খাতের বাইরে কাজ করা এবং মেয়াদোত্তীর্ণ পাস নিয়ে অবস্থানের অভিযোগ রয়েছে|
অভিযান চলাকালে অনেক শ্রমিক পালানোর চেষ্টা করেন| কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে কেউ কারখানার বিভিন্ন স্থানে লুকিয়ে পড়েন, আবার কেউ দৌড়ে পালানোর চেষ্টা করেন| ইমিগ্রেশন কর্মকর্তারা জানান, তেলোক গংয়ের কারখানায় এক বাংলাদেশি শ্রমিক গ্রেপ্তার এড়াতে একটি রোরো (রোল-অন/রোল-অফ) বর্জ্যবাহী কনটেইনারের ভেতরে ময়লার স্তূপের আড়ালে লুকিয়ে ছিলেন| তবে তল্লাশির একপর্যায়ে তাকে খুঁজে বের করা হয়| এছাড়া কয়েকজন শ্রমিক কাঠ কাটার মেশিন ও বড় বড় বাক্সের পেছনে আশ্রয় নিয়েও শেষ রক্ষা পাননি|
আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের আওতায় তদন্ত শুরু হয়েছে| তদন্ত শেষে সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগ|





