মিশিগানে লতিফ ট্রাভেলসের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৬, ৭:৩০:০০ অপরাহ্ন
মিশিগান প্রতিনিধি: ২০২৭ সালের পবিত্র হজকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান লতিফ ট্রাভেলস (প্রা.) লিমিটেডের উদ্যোগে রোববার বিকেলে মিশিগানের আলাদিন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তেলাওয়াত করেন মো. কায়েস হাসান সিদরাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট কায়ছার হাসান শিমন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফ ট্রাভেলস (প্রা.) লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আজহারুল কবির চৌধুরী সাজু। তিনি ২০২৭ সালের হজযাত্রীদের জন্য প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া, মক্কা ও মদিনায় আবাসন, পরিবহন, গাইডলাইন এবং সার্বিক হজ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি উপস্থিত প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, হজযাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতে লতিফ ট্রাভেলস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবার সুবিধার্থে সেখানে প্রতিষ্ঠানটির একটি শাখা স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মহব্বত খাঁন, মোশাররফ চৌধুরী লিটু, খালেদ আহমদ, কামরুজ্জামান চৌধুরী এবং রোকশান চৌধুরী। অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
উল্লেখ্য, সিলেটভিত্তিক লতিফ ট্রাভেলস (প্রা.) লিমিটেড গত ৬৪ বছর ধরে সুনামের সঙ্গে হজ ও ওমরাহ ব্যবস্থাপনাসহ ভ্রমণসেবা প্রদান করে আসছে। বর্তমানে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১০টি শাখা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরেও একটি শাখা পরিচালিত হচ্ছে।





