সিকৃবিতে জুলাই শহিদ দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০২৬, ৮:২২:৩৮ অপরাহ্ন

নানা কর্মসূচির মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘জুলাই শহিদ দিবস’ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। এতে ট্রেজারার অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র্যালি শেষে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সিকৃবি হেলথ কেয়ার সেন্টারে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, জুলাই শহিদরা দেশের মানুষের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থান অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনগণের শক্তির প্রতীক। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে গবেষণা, উদ্ভাবন এবং মানবসম্পদ উন্নয়নে আরও গুরুত্ব দিতে হবে। পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ, দোয়া মাহফিল ও প্রার্থনার আয়োজন করা হয়।





