ধূপাগোলে ভারতীয় টমেটো-কমলাসহ ৩ পিকআপ জব্দ
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:৪৯:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় টমেটো ও কমলাসহ তিনটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার ভোরে এয়ারপোর্ট থানাধীন মহালদিক এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান।
এসএমপি সূত্র জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে পুলিশের একটি দল ধূপাগোলের মহালদিক এলাকার তাজ ভ্যারাইটিজ স্টোরের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় কোম্পানীগঞ্জ থেকে সাহেব বাজারগামী দুটি ডিআই পিকআপ ও একটি এইচ পিকআপকে থামার সংকেত দিলে চালকেরা দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করলে একপর্যায়ে গাড়িগুলো রাস্তার পাশে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
পরে গাড়ি তিনটি তল্লাশি করে ৩ হাজার ৯৯৮ কেজি ভারতীয় টমেটো ও ৩০০ কেজি ছোট কমলা উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৯ হাজার ৮৬০ টাকা। গাড়িগুলোর মধ্যে একটি রেজিস্ট্রেশনবিহীন। অন্য দুটি ঢাকা মেট্রো-ন-১৩-৪৭৫৯ ও ঢাকা মেট্রো-ন-১৯-৯৫২৯ নম্বরের।
শনিবার (১৪ নভেম্বর) এসএমপির মিডিয়া সেল থেকে প্রেরিত বিজ্ঞপ্তি জানানো হয়েছে, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





