সিলেটে ১,৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে এসএসডি স্কলারশিপ পরীক্ষা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৬, ৮:৪৭:০৮ অপরাহ্ন
শিক্ষার্থীদের মেধা ও মনন
বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ

সিলেটে নগরীতে ১ হাজার ৫১০ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসডি স্কলারশিপ ২০২৬’। জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্টের (এসএসডি) আয়োজনে নগরীর স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে সকাল ও বিকেল—দুই শিফটে উক্ত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় সিলেট শহরের ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্রিটিশ কারিকুলাম (ইংলিশ মিডিয়াম) ও জাতীয় কারিকুলামের (ইংলিশ ভার্সন) মোট ১ হাজার ৫১০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর তাজউদ্দিন আহমেদ। তিনি একই সঙ্গে পরীক্ষার এক্সাম কন্ট্রোলারের দায়িত্ব পালন করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর তাজউদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বাড়ে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সহশিক্ষামূলক কার্যক্রমেও শিক্ষার্থীদের অংশগ্রহণ করা প্রয়োজন। এধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. গোলাম মওলা এবং স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন। এছাড়া পরীক্ষার এক্সাম কো-অর্ডিনেটর রেজাউল করিম সোহেল ও পরিচালক আব্দুল্লাহ হিস সাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোসাইটি ফর স্টুডেন্ট ডেভেলপমেন্ট (এসএসডি) একটি জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি সারাদেশের ইংলিশ মিডিয়াম ও ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কাজ করছে। এসএসডি স্কলারশিপ ছাড়াও সায়েন্স অলিম্পিয়াড, এসএসডি ফুটসাল কার্নিভাল, বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি





