মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবির বিক্ষোভ সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৬, ৮:২৭:৩১ অপরাহ্ন

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, বিদেশি কোম্পানিকে দেওয়া সমুদ্রবন্দরের ইজারা বাতিল, রাষ্ট্রায়ত্ত ৪৪টি কলকারখানা ব্যক্তিমালিকানায় হস্তান্তর বন্ধ এবং সীমান্তে হত্যা ও পুশব্যাক বন্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বুধবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশন ভবনের সামনে সিপিবির সিলেট জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবি সিলেট জেলা সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং দেবব্রত পাল মিন্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আনোয়ার হোসেন সুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক রতন দেবসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তি দেশের জনগণের স্বার্থের পরিপন্থী এবং এর ফলে ঔষধশিল্প, পোল্ট্রি ও মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। তারা দাবি করেন, এ ধরনের চুক্তি দেশের অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করবে।
বক্তারা বিদেশি কোম্পানিকে সমুদ্রবন্দরের ইজারা প্রদান, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান বেসরকারিকরণ এবং সীমান্তে হত্যা ও পুশব্যাকের ঘটনাগুলোরও সমালোচনা করেন। একই সঙ্গে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সিলেটে রাষ্ট্রীয় নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনেরও নিন্দা জানান।
সমাপনী বক্তব্যে সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন বলেন, জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি বাস্তবায়নের চেষ্টা হলে তার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি





