চলতি বছরেই পিরিজপুর-সোনারহাট সড়কের কাজ সম্পন্নের আশ্বাস
প্রকাশিত হয়েছে : ২৩ জুলাই ২০২৬, ১০:১৮:২০ অপরাহ্ন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পিরিজপুর-সোনারহাট সড়কের নির্মাণকাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান।
বুধবার দুপুরে সড়কটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, প্রকল্পটির মেয়াদ অনেক আগেই শেষ হলেও চলতি বছরের জানুয়ারি থেকে পুনরায় কাজ শুরু হয়েছে। ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি জানান, সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকা, বৃষ্টিপাত এবং বাঁশঝাড়সহ নানা কারণে কার্পেটিংয়ের কাজে বিলম্ব হচ্ছে। তবে বিকল্প উপায়ে কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে এবং আগামী আগস্টে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যেতে পারে। আপাতত সড়কটি চলাচল উপযোগী রাখতে শ্রমিক নিয়োগ দিয়ে প্রয়োজনীয় সংস্কারকাজ পরিচালনা করা হচ্ছে। পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট-কলেজ সড়ক, পিরিজপুর-সোনারহাট সড়ক, হাকুরবাজার-মানিকগঞ্জ সড়ক, লাফনাউট-বাঘের সড়ক এবং হাদার-বঙ্গবীর সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
গত ২০ জুলাই গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থীরা সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা তিন দিনের আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন।
এলাকাবাসীর দাবি, জরুরি ভিত্তিতে সড়কগুলো মেরামতের পাশাপাশি ভবিষ্যতে বন্যা-সহনশীল মানসম্পন্ন সড়ক নির্মাণে কার্যকর উদ্যোগ নিতে হবে, যাতে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটে।






