সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৬, ৯:৩৭:০৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট সীমান্তে পৃথক অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি। রোববার ভোরে গোপন সংবাদের জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
রোববার (২ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হক।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ৪৮ বিজিবির দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থূমাই ও সংগ্রাম বিওপি এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল, চিনি এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বাংলাদেশি রসুন জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে এসব চোরাচালানির পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধিন বলেও জানান তিনি।





