অবহেলিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র : সেবা বঞ্চিত হাওরপারের হাজারো মানুষ
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০২৬, ৭:৩৩:১৩ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপারের দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে তালিমপুর ইউনিয়নের কানুনগোবাজারে প্রতিষ্ঠা করা হয়েছিল ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’। তালিমপুর ইউনিয়নে অবস্থিত হলেও এটি হাকালুকি হাওরপারের তালিমপুর, সুজানগর ও দাসেরবাজার ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের চিকিৎসার একটি প্রধান ভরসাস্থল।
তবে প্রায় পাঁচ বছর ধরে উপস্বাস্থ্য কেন্দ্রটিতে নেই মেডিকেল অফিসার, মিডওয়াইফ, ফার্মাসিস্ট ও অফিস সহায়ক। প্রয়োজনীয় ওষুধেরও সংকট রয়েছে। একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দিয়েই চলছে কেন্দ্রটির কার্যক্রম। তিনি ছুটিতে কিংবা অসুস্থ থাকলে অনেক সময় কেন্দ্রটিতে তালা ঝুলতে দেখা যায়।
জনবল সংকটের কারণে বছরের পর বছর হাওরপারের কয়েক হাজার দরিদ্র মানুষ কাক্সিক্ষত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি অনেকটা অরক্ষিত অবস্থায় পড়ে থাকায় এর মূল্যবান জমির দিকেও স্থানীয় ভূমিদস্যুদের নজর পড়েছে বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও নজরদারি না থাকায় সন্ধ্যার পর উপস্বাস্থ্য কেন্দ্রটি বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়। এমনকি কানুনগোবাজারের লোকজনও এর আশপাশে মলমূত্র ত্যাগ করেন।
উপস্বাস্থ্য কেন্দ্রটিতে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় জনবল পদায়ন, চিকিৎসকের নিয়মিত উপস্থিতি ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার দাবিতে গত ৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে শতাধিক এলাকাবাসীর স্বাক্ষরিত একটি লিখিত আবেদন দেওয়া হয়েছে।
আবেদনে ভুক্তভোগী এলাকাবাসী জানান, হাকালুকি পশ্চিম হাওরাঞ্চল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। দরিদ্র মানুষের পক্ষে এত দূরে গিয়ে নিয়মিত চিকিৎসা নেওয়া কঠিন। ফলে অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র।
এলাকাবাসী জানান, একসময় এই স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকসহ পর্যাপ্ত জনবল থাকায় সহজেই চিকিৎসাসেবা পাওয়া যেত। কিন্তু প্রায় পাঁচ বছর ধরে এখানে এমবিবিএস চিকিৎসক, ফার্মাসিস্ট, মিডওয়াইফসহ প্রয়োজনীয় জনবল নেই। একই সঙ্গে প্রয়োজনীয় ওষুধও পাওয়া যাচ্ছে না।
উপস্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসাসেবা ও সরকারি ওষুধ বিতরণ নিয়ে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, ২৪ ঘণ্টা জরুরি বিভাগ চালু, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একজন এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এছাড়া সরকারি ওষুধ শতভাগ বিনামূল্যে ও স্বচ্ছতার সঙ্গে রোগীদের মধ্যে বিতরণ, নিয়মিত মনিটরিং এবং স্বাস্থ্যকেন্দ্রটির জনবল ও অবকাঠামো শক্তিশালী করে হাওরাঞ্চলের মানুষের জন্য একটি কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার জানান, হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্রে একজন এমবিবিএস মেডিকেল অফিসারসহ অনুমোদিত পাঁচটি পদ রয়েছে। দীর্ঘদিন ধরে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছাড়া বাকি চারটি পদই শূন্য রয়েছে। তিনি বলেন, জনবল সংকট নিরসনের পাশাপাশি গভীর নলকূপ ও সীমানাপ্রাচীর নির্মাণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।






