সীমান্তে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৭:৪০:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট জেলার সীমান্ত এলাকা থেকে ৪০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বুধবার (১৮ নভেম্বর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাতে ১৯ বিজিবির সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিধারা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ও বিভিন্ন প্রকার কসমেটিক জব্দ করে। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩৫ লাখ ২৫ হাজার টাকা।
অপরদিকে একই দিনে ১৯ বিজিবির লোভাছড়া, গুয়াবাড়ি, জৈন্তাপুর ও লালাখাল বিওপির টহলদল সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ভারতীয় কম্বল, চা-পাতা ও গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজার মূল্য ৫ লাখ ৫ হাজারু টাকা। দুই অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৪০ লাখ ৩০ হাজার টাকা।




