উন্নয়নের সুখবর দিলেন শ্রমমন্ত্রী: সিলেটে ১১ সেতু ও ৪২৩ কোটি টাকার অবকাঠামো প্রকল্প একনেকে অনুমোদন
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৬, ৬:২৯:০০ অপরাহ্ন
সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার যোগাযোগব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ১১টি সেতু নির্মাণসহ ৪২৩ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। পরে এক বার্তায় এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী জানান, ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় গোয়াইনঘাট উপজেলায় আটটি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় তিনটিসহ মোট ১১টি সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।
এ ছাড়া ‘সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেটের তিন উপজেলায় ৪২৩ কোটি ১০ লাখ টাকা বরাদ্দ অনুমোদিত হয়েছে। এর মধ্যে গোয়াইনঘাটে ১৩৯ কোটি ৫০ লাখ, কোম্পানীগঞ্জে ১৫০ কোটি ৭৫ লাখ এবং জৈন্তাপুরে ১৩২ কোটি ৮৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ বরাদ্দ অনুমোদনের জন্য সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।
বার্তায় তিনি আরও জানান, ‘জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প’-এর অধীনে আরও ৫২০ কোটি টাকা বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ‘সিলেট জেলাধীন গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর অধীনে ইতোমধ্যে ৪৯ কোটি ৮২ লাখ টাকার সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর বরাদ্দ থেকে সিলেট-৪ আসনে ৫০ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরীর উদ্যোগ ও প্রচেষ্টায় এসব প্রকল্প অনুমোদন পেয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়। প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুরের যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে একনেকের সভা শুরু হয়। দুপুর সোয়া ১টায় সভা শেষ হয়।




